খুলনায় ১২.৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়।
খুলনা মহানগরীর সদর থানা এলাকায় র্যাব-৬ এর এক সফল অভিযানে ১২.৪ কেজি গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সোমবার দুপুরে জিরোপয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর থানার ২১ নং ওয়ার্ডের জব্বার সরণী স্টেশন রোড এলাকায় জনৈক কবির ট্রেডার্সের সামনে মাদক কেনাবেচা চলছে। সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দুপুর ১:৪০ মিনিটের দিকে র্যাবের দলটি সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার মোঃ আক্তার মিয়া (৩৫) এবং খুলনার লবণচরা এলাকার মিরাজুল ইসলামকে (২৫) হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে মোট ১২.৪ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।