ঝিনাইদহে র্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার
প্রতিনিধি:নয়ন রায়
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ১:২০ মিনিটে র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন ২নং জামালপুর ইউনিয়নের কামারাইল গুটিয়ানী বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 'CHINA' লেখা একটি বিদেশি পিস্তল, একটি ব্যারেলযুক্ত রিভলবার এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সামনে তালিকাভুক্ত করা হয় এবং সাধারণ ডায়েরি (জিডি) মূলে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ফোর্সেস জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে তারা সর্বদা সচেষ্ট। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।