ধামরাইয়ের রামরাবণ গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো কালবৈশাখী উৎসব ও চরক পূজা।
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবণ গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কালবৈশাখী উৎসব ও চরক পূজা। এ উপলক্ষে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ এবং নানা আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তবৃন্দ, দর্শনার্থী ও উৎসুক জনতার উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় আকর্ষণীয় প্রদর্শনী, বহুরূপী খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধামরাই উপজেলা যুবদলের নেতা সাজিবুজ্জামান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের সভাপতি মেহেদী হাসান বাদল এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিস রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নুর ইসলাম, জালাল উদ্দিন, সবুজ সরকার, রাজু এরশাদ, পলাশ সরকার ও হাফিজুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জানান, প্রতিবছরই এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয় এবং এটি এলাকার সংস্কৃতি ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
প্রধান অতিথির বক্তব্যে সাজিবুজ্জামান রুবেল বলেন, মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। ভবিষ্যতে আপনাদের সেবা করার সুযোগ পেলে এবং চেয়ারম্যান নির্বাচিত হলে বালিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।