নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৬ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।
বিজিবি জানায়, ১৯ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এলাকার নিকট দিয়ে রাতের আঁধারে ভারত থেকে বাংলাদেশে পুশইন করা হয়।
পরে ১৪ বিজিবির টহল দল সীমান্ত সংলগ্ন ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশে একটি চা দোকানের সামনে থেকে তাদের আটক করে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা দীর্ঘ কয়েক বছর আগে বিভিন্ন সময় রাজশাহী সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ, নারী ও শিশুসহ মোট ১৬ জন রয়েছেন। তাদের মধ্যে নাটোর জেলার ১৫ জন ও পাবনা জেলার ১ জন বলে নিশ্চিত করেছে বিজিবি।
পরবর্তীতে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় চেয়ারম্যান, আত্মীয়-স্বজন ও বিভিন্ন সরকারি নথিপত্র যাচাই-বাছাই করে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করে। পরে নিয়মিত প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।
নওগাঁ – জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচারসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।