ন্যায্য বেতন কাঠামোর দাবিতে কর্মচারীদের মিছিল
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা :
প্রস্তাবিত পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মচারীরা কলম বিরতি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত থাকার প্রতিবাদ এবং দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কলম বিরতি পালন করেন কর্মচারীরা। পরে কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
তারা আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। বিচার বিভাগীয় কর্মচারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।
সমাবেশ থেকে অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মো. শাহিন ইকবাল, জয় চৌধুরী, জেপি পেশকার, সাহিদুর রহমান, মুহিদুল ইসলাম, ফয়সাল কবির, আব্দুল আলিম, বাবলু, নাজমুল, কালুসহ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারীরা।