প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১:২৬ পি.এম
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সরব রবিউল ইসলাম প্রধান, সুষ্ঠু তদন্তের দাবি

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সরব রবিউল ইসলাম প্রধান, সুষ্ঠু তদন্তের দাবি
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার পরিচিত মুখ ও সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম প্রধানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে।
সম্প্রতি “আলোকিত কাঁচপুর” নামের একটি ফেসবুক পেজে তাকে জড়িয়ে মাদক ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে সংশ্লিষ্ট অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন রবিউল ইসলাম প্রধান।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে। স্থানীয়ভাবে সুনামধন্য ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতার বিরুদ্ধে হঠাৎ এ ধরনের অভিযোগ প্রকাশ পাওয়ায় এলাকাবাসীর মাঝেও বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, রবিউল ইসলাম প্রধান দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অনেকেই বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না।
এ বিষয়ে সংশ্লিষ্ট ফেসবুক পেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, ভুক্তভোগী রবিউল ইসলাম প্রধান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ প্রচার করা শুধু ব্যক্তি বিশেষের মানহানি নয়, বরং সমাজে বিভ্রান্তি ছড়ানোর শামিল।
মোঃ রবিউল ইসলাম প্রধান বলেন, আমি কখনোই মাদক বা চাঁদাবাজির মতো কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি চক্র আমার সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
www.bangladeshcrime24.com