যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ মারুফ হোসেন (২৭) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল জানতে পারে যে, মধুগ্রাম এলাকায় জনৈক মারুফ হোসেন তার বসতবাড়িতে মাদক ও আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে মারুফের বাড়িতে অভিযান চালায় র্যাব। তল্লাশিকালে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, মারুফের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে ‘দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ এর ১৯(ক) ধারায় মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।