প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৯:৪৯ এ.এম
সোনারগাঁয়ে ইয়াসিন শপিং কমপ্লেক্সের ‘উপহার উৎসব-২০২৬ সম্পন্ন, লটারিতে ৪৫ জন বিজয়ী

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইয়াসিন শপিং কমপ্লেক্সে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ‘উপহার উৎসব-২০২৬ এর সমাপনী ও বর্ণাঢ্য লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় মার্কেট প্রাঙ্গণে আপনাদের জন্য আমাদের ভালোবাসার উপহার স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
রমজান মাসজুড়ে মার্কেটের বিভিন্ন দোকানে কেনাকাটার বিপরীতে ক্রেতাদের বিশেষ টোকেন প্রদান করা হয়। সেই টোকেন নম্বরের ভিত্তিতেই আয়োজক কমিটি ইয়াসিন শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি লটারির ড্র পরিচালনা করে।
লটারিতে মোট ৪৫ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচিত হন। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় একটি আধুনিক ড্রেসিং টেবিল, দ্বিতীয় পুরস্কার ব্লেন্ডার, তৃতীয় পুরস্কার ইলেকট্রিক চুলা এবং চতুর্থ পুরস্কার আকর্ষণীয় ডিনার সেট। এছাড়াও বিজয়ীদের জন্য আরও বিভিন্ন প্রয়োজনীয় ও মূল্যবান উপহার সামগ্রী রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. হারুন অর রশিদ ভূঁইয়া, মো. ওবায়দুল হক, মো. আব্দুল আল মামুন, মো. সজিব মোল্লা এবং মো. আব্দুল হক। অতিথিরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং ক্রেতা ও ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
ড্র চলাকালে কোনো বিজয়ী উপস্থিত না থাকলেও আয়োজক কমিটি জানিয়েছে, ইতোমধ্যে বিজয়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই তাদের হাতে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।
আয়োজকরা জানান, ক্রেতাদের কেনাকাটায় বাড়তি আনন্দ ও উৎসাহ যোগাতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
www.bangladeshcrime24.com