'হ্যাঁ' ভোটের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ তৈরির রাস্তা বন্ধ হবে- রায়হান সিরাজী
মোঃ মেহেদী হাসান, গঙ্গাচড়া (রংপুর)
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের রংপুর-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী বলেছেন, 'হ্যাঁ' ভোটের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ তৈরির রাস্তা বন্ধ হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পর পর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে তৃতীয়বার হওয়ার রাস্তা বন্ধ হবে। ভারতীয় আধিপত্যবাদের প্রভাবের রাস্তা বন্ধ হবে। ইনসাফের রাস্তা মুক্ত হবে, মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। ওসমান হাদি বাংলাদেশে, আবু সাঈদ মুগ্ধর বাংলাদেশে ছাত্র-জনতা বেঁচে থাকতে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না।
সবাই দাঁড়িপাল্লার জন্য, 'হ্যাঁ' ভোটের জন্য মাঠে-ঘাটে, হাটে-বাজারে, চায়ের দোকানে, পানের দোকানে, ক্ষেতে-খামারে, অটো-টেম্পু-স্টিমারে যেখানে যাবেন—কথা একটাই: দাঁড়িপাল্লা আর 'হ্যাঁ'। দাঁড়িপাল্লা আর 'হ্যাঁ'।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় রংপুরের গঙ্গাচড়ায় ১০ দলীয় জোটের গণমিছিলে তিনি এসব কথা বলেন। এ সময় মিছিলটি গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গঙ্গাচড়া জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় ১০ দলীয় জোটের প্রার্থী রায়হান সিরাজী আরও বলেন, আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের মধ্য দিয়ে এই রংপুর-১ (গঙ্গাচরা) আসনটি ৫৪ বছরের যে শোষিত ছিল, সেটির আমরা নবসূচনা করে একটি বৈষম্যমুক্ত রংপুর-১ গঠন করতে চাই। গোটা রংপুর-১ এ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার দেখে কোন মহলের একটু সমস্যা হচ্ছে। নানা ছোট ছোট কাহিনীকে গল্প আকারে, উপন্যাস আকারে তৈরি করে তারা প্রতিবাদ করে। আমরাও কিন্তু পাল্টা প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা করব না। কেন করব না? আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে চাই।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামানের সঞ্চালনায় এনসিপি'র রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।