নেত্রকোণায় প্রতিবেশীর ঘর থেকে গলাকাটা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার
Reporter Name
- Update Time :
Monday, March 30, 2026
/
-
59 Time View
/
-

আল আমিন হাওলাদার স্টাফ রিপোর্টার
নেত্রকোণার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে গলাকাটা অবস্থায় অংকিত বর্মন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। সোমবার (৩০ মার্চ) উপজেলার বরান্তর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। অংকিতের দাদি বিশু রানি বর্মন ঢাকায় থেকেই তাকে দেখাশোনা করতেন। গত মঙ্গলবার দাদির সঙ্গে অংকিত গ্রামের বাড়িতে আসে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল অংকিত। এ সময় পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন এবং দাদি পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে পাশের বাড়ির একটি কক্ষে বিছানার ওপর গলাকাটা অবস্থায় অংকিতকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা সোহাগ বর্মন জানান, “আমরা বাড়ির আশপাশেই কাজ করছিলাম। মা পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে অংকিতকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পাশের বাড়িতে আত্মীয় সুকুমার বর্মনের ঘরে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরও সংবাদ