মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Reporter Name
- Update Time :
Thursday, April 2, 2026
/
-
49 Time View
/
-

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার নেকমরদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নেকমরদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একই স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মুসলিম উম্মাহর কাছে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব। তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাণীশংকৈল উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেকমরদসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
আরও সংবাদ