মৌলভীবাজারে কুমারী পূজায় ভক্তির জয়গান, হাজারো ভক্তের উপস্থিতিতে সমাপন
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার:
মৌলভীবাজার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে আজ কুমারী পূজা হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ঘটাড়াকলের মতো উদযাপিত হয়ে সমাপন হয়েছে। দেবী দুর্গার অষ্টম রূপের প্রতীকী এই পূজায় কুমারী বালিকাদের মধ্যে মাতৃশক্তির প্রকাশ লক্ষ্য করে ষোড়শ উপচারে সম্মান জানানো হয়েছে, যা সনাতন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।
শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম, তারাপাশা রাজনগর অঞ্চলে অবস্থিত এই পবিত্র স্থানে সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছিল। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজায় নির্বাচিত অবিবাহিত কুমারী কন্যাদের যাদের বয়স সাধারণত এক থেকে ১৬ বছরের মধ্যে দেবীজ্ঞানে সাজিয়ে পূজা করা হয়েছে। ফুল, চন্দন, ধূপ-দীপ, বেলপাতা সহ ষোলো উপচারে সুসজ্জিত আসনে বসিয়ে তাদের আরাধনা করা হয়েছে। চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের তালে তাল মিলিয়ে উলুধ্বনি ও দেবী স্তোত্রের ধ্বনিতে আকাশ মুখরিত হয়ে ওঠে। ধামের মহন্ত ও পুরোহিতরা জানান, এবারের পূজায় হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন।
হিন্দু শাস্ত্র অনুসারে, কুমারী পূজা মাতৃরূপের উপলব্ধি এবং নারীশক্তির প্রতি শ্রদ্ধা প্রকাশের প্রতীক। শ্রীরামকৃষ্ণের কথামতে,”শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায়”। এই পূজায় অংশগ্রহণকারী এক ভক্ত বলেন, “মা দুর্গার আশীর্বাদে এই পূজা আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। হাজারো মানুষের উপস্থিতি দেখে মনে হয় দেবী সত্যিই এখানে বিরাজ করছেন।”
পূজার পর দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে, যাতে ভক্তরা অংশ নিয়ে আনন্দিত হয়েছেন। এরপর নবমী তিথির প্রস্তুতি শুরু হয়েছে। শ্রী শ্রী বিষ্ণুপদ ধামের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজার সময়কালে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে ভক্তরা আরামে দর্শন লাভ করতে পারেন।
শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি, যা দেবী দুর্গার জয়গাথা ও অসুর নিধনের কাহিনীকে কেন্দ্র করে উদযাপিত হয়। এবছরও এই উৎসবে দেশজুড়ে ভক্তির জোয়ার দেখা যাচ্ছে।
মনজু বিজয় চৌধুরী
মৌলভীবাজার
মোবাইল-০১৭৩১৭২০৮৯৬