ধামরাই পৌর এলাকায় রাইস মিলে ডাকাতির অভিযোগ, কর্মচারীদের বেঁধে চাল নিয়ে উধাও ডাকাতরা
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- মিলন সিদ্দিকী
ঢাকার ধামরাইয়ে পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিল নামে একটি চালের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতরা কারখানার নৈশপ্রহরী ও কর্মচারীদের হাত-পা বেঁধে দেশিয় অস্ত্রের মুখে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নেয়।
রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলে ডাকাতির এ ঘটনা ঘটে।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চারজন কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
কারখানার নৈশপ্রহরী মো. হযরত আলী জানান, ১০-১২ জন লোক মিলের পেছন থেকে এসে আমার হাত পা মুখ বেধে আমার গলায় চাকু ধরে। এরপর এখানে থাকা আরোও চারজন শ্রমিককে আমার সাথে মিলের অফিসের পাশের একটি কক্ষে বেধে রেখে চাল নিয়ে যায়। পরে আমাদের বেধে রাখা একজন মুখ দিয়ে আমার হাতের বাধন খুলে দিলে আমরা বের হই। ততক্ষনে তারা চলে যায়। এরপর আমি মালিককে ফোন দিয়ে জানাই।
কারখানার চাল ব্যবসায়ীরা জানান, সকালে মিল কর্তৃপক্ষ তাদের ফোন করে জানায় যে রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে।
কারখানার চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানায়। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।
আরোও এক চাল ব্যবসায়ী ফরিদ বলেন, ডাকাতির ঘটনা ঘটে রাত ৩টার দিকে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যবসা করছিলাম। এ অবস্থায় কী করবো বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।