খুলনা আদালত চত্বরে জোড়া খুন,র্যাবের অভিযানে সরাসরি সম্পৃক্ত দুই আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়।
খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন আইচগাতি এলাকার মোঃ ইমরান মুন্সীর ছেলে মোঃ রেজাউল মুন্সী হৃদয় এবং সাহাবুদ্দিন শেখের ছেলে মোঃ আলিফ হোসেন নয়ন।
অভিযান পরিচালনার সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা দেশীয় কুড়াল ও চাপাতি নিয়ে বাহিনীর ওপর অতর্কিত আক্রমণ চালায়। এসময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ৭৯টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে খুলনা আদালত চত্বরে এই চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনাটি ঘটে। এর আগে গত ১৭ ডিসেম্বর এই মামলার অন্যতম আসামি মোঃ ইজাজুল হোসেনকেও গ্রেফতার করেছিল র্যাব-৬। গ্রেফতারকৃত নতুন এই দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।