চান্দিনায় ড. রেদোয়ান আহমেদের নির্বাচনী উঠান বৈঠক: ধানের শীষে ভোট প্রার্থনা
ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
চান্দিনা, কুমিল্লা: কুমিল্লার চান্দিনা পৌর এলাকার পূর্ব বেলাশ্বরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১নং ও ৪নং ওয়ার্ডের ভোটারদের নিয়ে আয়োজিত এক বিশাল উঠান বৈঠকে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
চান্দিনার ১নং ওয়ার্ডের কচুয়ারপাড়, আংশিক বেলাশ্বর এবং ৪নং ওয়ার্ডের মধ্য বেলাশ্বর এলাকা নিয়ে এই কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। পূর্ব বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রেদোয়ান আহমেদ বলেন, “এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।” তিনি দল-মত নির্বিশেষে আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বিএনপি নেতা রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা কবির উদ্দিন ভূইয়া, সাবেক কাউন্সিলর আবদুস সামাদ, যুবদল নেতা আবুল হাশেম এবং কেন্দ্রের প্রধান সমন্বয়ক ও ছাত্রদল নেতা তারেকুল ইসলাম বাবু।
সভায় বক্তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। সভা শেষে প্রার্থীর উপস্থিতিতে এলাকার সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।