নওগাঁর রাণীনগরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজুকে সংবর্ধনা,
নওগাঁ প্রতিনিধিঃ- মোঃ-হাবিবুর রহমান,
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেছেন, যে ধানের শীষে ভোট দিয়েছেন আমি তারও এমপি আবার যে ধানের শীষে ভোট দেননি আমি তারও এমপি । আমি দুই উপজেলার সকল ধর্মের সকল শ্রেণিপেশার মানুষের এমপি । সকল বিভেদ ভুলে এক সময়ের রক্তাক্ত জনপথ হিসেবে পরিচিত এই অঞ্চল হবে উন্নয়ন আর শান্তির জনপদ । আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই থানায় সমান ভাবে উন্নয়নের কাজ করবো । সেই ক্ষেত্রে রাণীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে । রাণীনগর উপজেলায় আমার বাড়ি নয় তাই রাণীনগর থেকে সকল শুভ কাজের সূচনা করতে চাই । এর জন্য আমার নেতা কর্মীদের ধৈর্যশীল হয়ে আমাকে সকল ক্ষেত্রে সহযোগীতা করতে হবে । নেতৃত্বের অন্তরালে কোন অপকর্ম এবং বেপরোয়া আচরণে এই জনপদের মানুষ কোন ধরণের কষ্ট পাক সেটা বরদাস্ত করা হবে না । তিনি আরো বলেন, বর্তমান সরকারের ৩১ দফাকে সামনে রেখে আমার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক উন্নয়নের কাজ অব্যাহত রাখবো । এই আসনের জনগণ আমাকে তাদের আমানত “ভোট” দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন । তাদের জানমালের নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে । যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথানত করবো না । সকল সমস্যাকে সামনে রেখে সবার কাছ থেকে গঠনমূলক সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে এই আসনে কাজ করে যাবো । এই আসনকে একটি মডেল আসন হিসেবে বিনির্মাণ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি । গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় নওগাঁর রাণীনগরে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ আলহাজ¦ শেখ মো: রেজাউল ইসলাম রেজু এই কথা গুলো বলেন। রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আয়েন উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক মো: মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, সাখাওয়াত হোসেন। এছাড়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথিকে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংবর্ধনা প্রদান করা হয় । পরে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া শেষে ইফতার মাহফিলে যোগ দেন প্রধান অতিথি ।