বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে বিজয় লাভ করায় দেশব্যাপী কৃতজ্ঞতা ও দোয়া কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা বগুড়া শহরের ঐতিহ্যবাহী বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়াতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে ‘গণতন্ত্রের মা’ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি কামনায়, দেশবাসীর কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, নির্বাচনে বিজয় উপলক্ষে দলীয়ভাবে কোনো আনন্দ মিছিল বা সভা না করে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি পালনের নির্দেশনা রয়েছে।