বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল র্যালী।
মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া-৬ সদর আসনে বিএনপি প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বগুড়া শহরে ব্যতিক্রমধর্মী বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই র্যালীতে বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ জন সাইকেল আরোহী অংশ নেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শাখার আয়োজনে সকালেই র্যালীটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়। ‘আসুন প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’ শ্লোগানকে প্রতিপাদ্য করে র্যালীটি শহরের জিরো পয়েন্ট অতিক্রম করে ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের সামনে দিয়ে ঘুরে আবার আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও জনবান্ধব রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, ভবিষ্যতমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে তারেক রহমানকে তুলে ধরতে এবং তাঁর নির্বাচনী এলাকা বগুড়ায় ভিন্নধর্মী প্রচারণা চালাতেই এই বাইসাইকেল র্যালীর আয়োজন করা হয়।
এই কর্মসূচির উদ্যোক্তাদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মিনার হোসেন, এনাম মেডিকেল কলেজ শাখার সভাপতি আহসান হাবীব নাফী এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কমিটির নেতা এইচ এম সাব্বির।