শীতার্ত মানুষের উষ্ণতায় নালিতাবাড়ীতে কম্বল বিতরণ
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ প্রকৌশলী শাহ আলম টুটুলের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (আনন্দ) বাজারে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নয়াবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম. এ. রায়হান।
বিএনপির নয়াবিল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের ইমাম মৌলভী জয়নাল আবেদীন, স্থানীয় বিএনপি নেতা রাশেদুজ্জামান রাশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ শীতকষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে কম্বল পেয়ে শীতার্ত মানুষ আয়োজক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।