শেরপুরের নকলায় কন্যাশিশুকে হত্যার অভিযোগে বাবা আটক
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলাতে পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছয় বছরের এক শিশুকন্যা নিহত । একই ঘটনায় চার বছরের আরেক কন্যা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মরিয়ম (৬)। সে চর বসন্তী এলাকার বাবু মিয়ার মেয়ে। আহত শিশুটির নাম মিম (৪)। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর বসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া (পেশায় অটোরিকশাচালক) দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে ছিলেন। একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর বাবু মিয়া দুই কন্যাকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি সন্তানদের নিয়ে নিজ গ্রামে ফেরেন।
রোববার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে বাবু মিয়া তার বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তিনি ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাটি বুঝতে পেরে এগিয়ে এসে বাধা দিলে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
চর অষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য দুলাল বলেন, পারিবারিক সমস্যার জেরেই এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি উঠে এসেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।