শ্রীপুরে রিসোর্টের নামে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ, গ্রামবাসীর নিরাপত্তা হুমকিতে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর। গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘নক্ষত্রবাড়ী রিসোর্ট’-এর নাম ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র কর্তৃক জমি দখল, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলায় ব্যাপক হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এই চক্রের কারণে তাদের জীবন ও সম্পত্তি হুমকির মুখে পড়েছে।
ভুক্তভোগী মোসাঃ রোজিনা আক্তারের দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী, স্থানীয় ইব্রাহিম মোড়ল, জিহাদ মোড়ল, নাজমুল হুদা শাহীন ও উক্ত রিসোর্টের ম্যানেজার শাকিল আহম্মেদসহ কয়েকজন একটি চক্র গঠন করে এলাকার মানুষের জমি জোরপূর্বক দখল করছে।
ঘটনার সূত্র ধরে, রোজিনা আক্তারের ভাই জালাল মোড়লের কাছ থেকে ইব্রাহিম মোড়ল কয়েক লক্ষ টাকা ধার নেন। গত ৫ নভেম্বর টাকা ফেরত চাওয়া হলে বিবাদীপক্ষ জালাল মোড়লকে গালিগালাজ করে এবং মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানোর হুমকি দেয়। পরবর্তীতে ১০ নভেম্বর তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয় এবং তিনি এখনও কারাগারে রয়েছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, বিবাদীরা এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছে। তারা হুমকি দিচ্ছে যে, যারা তাদের বিরুদ্ধে যাবে, তাদেরও একইভাবে মামলায় ফাঁসানো হবে।
এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী রোজিনা আক্তার ও তার পরিবার। তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিষ্পক্ষ তদন্ত করে তাদের পৈতৃক সম্পত্তি রক্ষা এবং ভাইয়ের মুক্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।