খুলনায় ৬ মামলার আসামি ডাকাত সর্দার বুলু মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-৬
নিজস্ব প্রতিবেদক,নয়ন রায়।
খুলনা মহানগরীর রূপসা থানাধীন কাজদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত সর্দার মো. বুলু মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬। আজ ১০ জানুয়ারি ২০২৬ তারিখ র্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাজদিয়া বাজার সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত বুলু মোল্লা নড়াইল জেলার কালিয়া থানার সিলিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। র্যাব জানায়, ধৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানাসহ নড়াইল ও গোপালগঞ্জ জেলায় হত্যা চেষ্টা, চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ৬টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিল।
র্যাব আরও জানায় যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে খুলনা মহানগরীর কেএমপি সদর (নৌ থানা) থানায় হস্তান্তর করা হয়েছে।