ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডে শুয়ে কুকুর! রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ
ঢাকা ধামরাই প্রতিনিধি মিলন সিদ্দিকী
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই রোগীর অতিরিক্ত চাপ রয়েছে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ওয়ার্ডের অতিরিক্ত বেডে কিংবা সাময়িকভাবে রাখা স্থানে চিকিৎসা নিতে হচ্ছে। এই অবস্থার মধ্যেই গতকাল (১৩ জানুয়ারি ) হাসপাতালের ভেতরে এক অস্বাভাবিক ও উদ্বেগজনক চিত্র দেখা গেছে।
হাসপাতালের একটি বেডে একটি কুকুর শুয়ে থাকতে দেখে রোগী ও স্বজনরা বিস্মিত ও ক্ষুব্ধ হন। ঘটনার সময় কুকুরটি নির্বিঘ্নে বেডে শুয়ে ছিল, যা হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ওই দৃশ্যটি দেখে উপস্থিত একজন তাৎক্ষণিকভাবে ছবি তুলে রাখেন।
রোগীদের অভিযোগ, যেখানে প্রতিদিন অসুস্থ মানুষ চিকিৎসা নিতে আসেন, সেখানে এ ধরনের ঘটনা হাসপাতালের অব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার চরম অবহেলার পরিচয় বহন করে। বিশেষ করে সংক্রমণের ঝুঁকি থাকায় হাসপাতালের ভেতরে প্রাণীর অবাধ চলাচল রোগীদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
একাধিক রোগীর স্বজন জানান, বেড সংকটের কারণে রোগীরা ঠিকমতো শয্যা পাচ্ছেন না, অথচ সেই বেডেই কুকুর শুয়ে থাকার দৃশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই স্পষ্ট করে তোলে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা জোরদারের দাবি জানিয়েছেন রোগী ও সচেতন মহল।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি