রংপুরে বি.আর.টিসি বাসের ভয়াবহ দুর্ঘটনা : নিহত ১, আশঙ্কা জনক অবস্থায় আহত আরকজন
মোঃ আলমগীর হোসাইন
………..
পঞ্চগড় থেকে খুলনাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস রংপুরের অদূরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।
জানা গেছে, রবিবার ভোরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সকাল ৬টার বিআরটিসি বাসটি রংপুরের কাছাকাছি এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে দ্রুতগতির বাসটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন। স্থানীয়রা জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে নেয় পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কে যানবাহনের ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে দূরপাল্লার বাসগুলোর যান্ত্রিক ত্রুটি এবং অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন তারা।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।