মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, নগদ অর্থসহ গ্রেপ্তার-২
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ও নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেঘনা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন,
১. আফজাল হোসেন (২৮), পিতা: তোফাজ্জল হোসেন, গ্রাম: মামরতপুর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
২. রুনা আক্তার (৩০), পিতা: মৃত সুন্দর আলী, গ্রাম: শিকিরগাঁও, থানা: মেঘনা, জেলা: কুমিল্লা।
মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পর গ্রেপ্তারকৃতদের জব্দকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা পুলিশ।