ঘুমন্ত ব্যক্তিকে হত্যা: খুলনায় র্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়।
র্যাবের সাঁড়াশি অভিযানে দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর দানিউল ইসলাম হত্যা মামলার প্রধান পলাতক আসামি আবু বক্কর ওরফে বাদশা (৫৬) গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) খুলনা মহানগরীর রূপসা থানা এলাকা থেকে র্যাব-৬ এবং র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল তাকে আটক করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর রূপসা টোল প্লাজা সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে বাগেরহাট সদর থানার বাসিন্দা আবু বক্করকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের দানিউল ইসলামকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে বীরগঞ্জের বাসিন্দা দানিউল ইসলামকে তার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনাটি ‘ক্লুলেস হত্যা’ হিসেবে পরিচিতি পায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ সুলতানা রাজিয়া বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ঘাতকের অবস্থান শনাক্ত করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।