আত্রাইয়ে রাণীনগর অর্গানাইজেশনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপচে পড়া ভিড়
মোঃ আরিফ হোসেন
রাণীনগর( নওগাঁ) প্রতিনিধি
রাণীনগর অর্গানাইজেশন রক্তদাতা প্ল্যাটফর্মের উদ্যোগে নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের উপরে অনুষ্ঠিত হলো এক অনন্য মানবিক আয়োজন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
ক্যাম্পেইন শুরু হওয়ার পরপরই সাধারণ মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেশন এলাকা। ছোট ছোট শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, ছেলে-মেয়ে, সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই মহৎ উদ্যোগে।
অনেক শিশু প্রথমবারের মতো রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসে, অভিভাবকেরা সন্তানের হাত ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। তরুণ প্রজন্মও অত্যন্ত উৎসাহ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করে এবং ভবিষ্যতে রক্তদাতা হিসেবে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে। শুধু তাই নয়, অনেকেই সেখানেই রাণীনগর অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন রক্তদাতা সদস্য হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীদ, সহ-প্রতিষ্ঠাতা মোঃ মুন্না আহমেদ, প্রচার সম্পাদক মোঃ মোয়াজ্জেমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেন যে, “প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনে রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচানো একটি মহৎ কাজ।
এলাকাবাসী এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, এরকম মানবিক উদ্যোগ শুধু মানুষের উপকারই করছে না, বরং তরুণ প্রজন্মকে সামাজিক কাজের সাথে যুক্ত করছে। স্থানীয়রা রাণীনগর অর্গানাইজেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।