“আমি আইনজীবী হিসেবে এতটুকু বলব, ধর্ষকের পক্ষে আমি কখনও দাঁড়াব না। ধর্ষক যদি আমাকে শত কোটি টাকাও অফার করে, আমি ধর্ষকের পক্ষে কখনও আইনজীবী হিসেবে লড়ব না।”—রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এমন সাহসী প্রতিজ্ঞা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিঠুন সাহা।
আইনি পেশার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি দেশের সকল আইনজীবীর প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছেন। মিঠুন সাহা বলেন, “যারা নীতিবান মানুষ আছেন, সবাইকে বলব—রামিসার পক্ষে আপনারা সোচ্চার হোন। সকল আইনজীবীকে বলব, এই ধর্ষকের পক্ষে কারও দাঁড়ানো উচিত নয়; আমরা নৈতিকভাবে এটা করতে পারি না।”
ফুটফুটে শিশু রামিসা হত্যার পর থেকেই পুরো দেশজুড়ে খুনি সোহেল রানার ফাঁসির দাবিতে তীব্র গণজোয়ার তৈরি হয়েছে। বুধবারেই খুনি সোহেল রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছে। এমন পরিস্থিতিতে আইনজীবী মিঠুন সাহার এই দৃঢ় অবস্থান এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।