
কাহারোলে শিশুদের মুখে হাসি ফোটাতে ওয়ার্ল্ডভিশনের ব্যতিক্রমী আয়োজন।।
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোলে শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ অনুষ্ঠান। কাহারোল উপজেলা অডিটোরিয়াম হল রুমে ২৮ এপ্রিল ২০২৬ ইং মঙ্গলবার কাহারোল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুদের একটি বড় অংশ।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ। প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশন কে ধন্যবাদ জানান এই একটি ব্যাতিক্রমী অনুষ্ঠান করার জন্য। তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশ ও আনন্দ নিশ্চিত করতে এধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক শিশুই ভালবাসা ও যত্ন পাওয়ার অধিকার রাখে।ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমি মনে করি শিশুদের মূখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আফসানা মোস্তারী, ওয়ার্ল্ড ভিশন কাহারোল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ মার্টিন বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ আলবিনুশ সরেন, প্রোগ্রাম অফিসার মিঃ পলাশ ক্রুশ প্রমূখ।
অনুষ্ঠানে শিশুদের জন্য কেক কাটা, গান, নাচসহ নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। প্রত্যেক শিশুর জন্মদিন একসাথে উদযাপনের এই ব্যতিক্রমী উদ্যোগ তাদের মনে সৃষ্টি করে অনাবিল আনন্দ। দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খেলনা ও প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা মনে করেন, এমন আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
উৎসবমুখর এ আয়োজনে শিশুদের হাসি আর আনন্দই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি, যা উপস্থিত সকলকে আপ্লুত করে তোলে।