ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়
মোটরসাইকেল, চালক নিহত
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে একটি ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মকবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাটিপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন উপজেলার দশকিয়া ইউনিয়নের দোগাঙ্গী পাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং আহত শাহ আলম (৩৮) ধনবাড়ী উপজেলার কাকনিআটা গ্রামের ওসমান গনির ছেলে।
তারা দুজনেই পেশায় টাইলস মিস্ত্রী।
প্রত্যক্ষদর্শী স্বপন কুমার দে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি মোটরসাইকেল এলেঙ্গার দিক থেকে কালিহাতী সদরের দিকে যাচ্ছিল। পথে চাটিপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে হঠাৎ একটি ছাগল সড়ক পারাপার করতে গেলে সেটিকে বাঁচানোর চেষ্টা করেন মোটরসাইকেল চালক। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা দুইজনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার এসআই ফয়সাল জানান, এঘটনায় নিহত মকবুলের ভাতিজা কালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।