হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রূপালী খাতুন হাইকোর্ট বিভাগের আদেশে পুনর্বহাল হয়েছেন।
জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। অভিযোগগুলোর মধ্যে ছিল ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, পরিষদের সদস্য ও গ্রামপুলিশকে মারধরের অভিযোগ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নামে-বেনামে অভিযোগ দাখিল এবং ডব্লিউবি/খাদ্য সহায়তা কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ১০ নভেম্বর ২০২৫ তারিখের এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পরে সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মোছা. রূপালী খাতুন মাননীয় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৭৬৮৪/২০২৬ দায়ের করেন। শুনানি শেষে গত ৬ জুলাই ২০২৬ তারিখে হাইকোর্ট বিভাগ একটি রুল জারি করেন। একই সঙ্গে রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
হাইকোর্টের ওই আদেশ এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোছা. রূপালী খাতুনকে পুনর্বহাল করা হয়েছে।
পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. রূপালী খাতুন বলেন, “আমি আদালতের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আদালতের আদেশে আমি পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। অতীতের সব বিভেদ ভুলে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। আইন ও বিধি মেনেই জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রাখি।”