হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রূপালী খাতুন হাইকোর্ট বিভাগের আদেশে পুনর্বহাল হয়েছেন।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ১০ নভেম্বর ২০২৫ তারিখের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, পরিষদের সদস্য ও গ্রামপুলিশকে মারধরের অভিযোগ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নামে-বেনামে অভিযোগ দাখিল এবং ডব্লিউবি/খাদ্য সহায়তা কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ।
সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মোছা. রূপালী খাতুন মাননীয় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৭৬৮৪/২০২৬ দায়ের করেন। শুনানি শেষে ৬ জুলাই ২০২৬ তারিখে হাইকোর্ট বিভাগ একটি রুল জারি করেন। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা এবং হাইকোর্টের স্থগিতাদেশ অনুসারে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোছা. রূপালী খাতুনকে পুনর্বহাল করা হয়েছে।