জনচলাচলের সড়কে ড্রেজারের পাইপ স্থাপনের অভিযোগ; রুবেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসীর আবেদন
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমিনপুর রোড থেকে চন্ডালখীল গ্রামের গুরুত্বপূর্ণ জনসড়কের ওপর ড্রেজারের পাইপ স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অভিযোগ উঠেছে রুবেল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন চন্ডালখীল গ্রামের সচেতন নাগরিকবৃন্দ।
আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত রুবেল মিয়া (পিতা: শামসু মিয়া), সাং- দক্ষিণ পৈরতলা, পোড়াবাড়ি, থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া, দীর্ঘদিন ধরে আমিনপুর রোড থেকে চন্ডালখীলগামী গুরুত্বপূর্ণ সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ স্থাপন করে রেখেছেন। ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে রাতের বেলায় পাইপটি সহজে চোখে না পড়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। তাদের দাবি, ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। এছাড়া এক পর্যায়ে ড্রেজারের পাইপের সংযোগ (জয়েন্ট) বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আব্দুল ছত্তর মিয়ার বসতঘরে বালু প্রবেশ করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীদের ভাষ্য, বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি অভিযোগ আমলে না নিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় জনস্বার্থে সড়কের ওপর স্থাপিত ড্রেজারের পাইপ দ্রুত অপসারণ, জনচলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন চন্ডালখীল গ্রামের সচেতন নাগরিকরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।