নির্ধারিত সময়ের পরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ক্যাপসুল থেকে বঞ্চিত নয়নপুরের অধিকাংশ শিশু
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুর এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হওয়ায় এলাকার অধিকাংশ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জাতীয় কর্মসূচি অনুযায়ী “২৮ জুন ২০২৬” সারা দেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হলেও নয়নপুরে তার ব্যতিক্রম দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও সেখানে কার্যক্রম শুরু হয় প্রায় দুপুর ১২টায় এবং বিকেল ৩টার দিকে শেষ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রতি বছরের মতো এবারও নয়নপুর প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশায় অনেক অভিভাবক সকাল থেকেই শিশুদের নিয়ে অপেক্ষা করেন। কিন্তু নির্ধারিত সময়ে ক্যাম্পেইন শুরু না হওয়ায় অনেকেই শিশুদের নিয়ে ফিরে যান।
পরে বিলম্বে ক্যাম্পেইন শুরু হলেও বিষয়টি অধিকাংশ অভিভাবকের কাছে পৌঁছায়নি। ফলে এলাকার অনেক শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এমন অব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়। সময়মতো ক্যাম্পেইন শুরু হলে এবং আগে থেকেই যথাযথ প্রচার-প্রচারণা চালানো হলে কোনো শিশুই এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হতো না।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন, কেন নির্ধারিত সময়ে নয়নপুরে ক্যাম্পেইন পরিচালনা করা হয়নি এবং এ ধরনের বিলম্বের জন্য দায়ী কারা। একই সঙ্গে তারা ভবিষ্যতে নির্ধারিত সময় মেনে পর্যাপ্ত প্রচার-প্রচারণার মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে এলাকার কোনো শিশু আর এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।