
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস টাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ মোঃ আরিফ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদ (৫০) নামে অপর এক সহযোগী পালিয়ে যায়।
গতকাল ৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের চর ভবসুর ঠোটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল চর ভবসুর ঠোটাপাড়া এলাকার মোঃ আরিফের বসতবাড়ির উঠানে অভিযান চালায়। রাত ৭:২৫ মিনিটের দিকে অভিযান পরিচালনাকালে দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আরিফকে হাতেনাতে গ্রেফতার করে। তবে তার সহযোগী আসাদ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আরিফের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচা থেকে ৮৫ পিস টাপেন্টাডল (Tapal 100mg) ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার টাকা। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে বাজেয়াপ্ত করা হয়।
এ ঘটনায় এসআই মোঃ আফতাব উদ্দিন বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-২২, তারিখ: ৩০/০৭/২০২৬) দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামি আসাদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
মো: হৃদয় হোসেন